শিক্ষার্থী আন্দোলনের মুখে খুবির বিজয়-২৪ হল প্রভোস্টকে অব্যাহতি

ইভান নির্জন, খু‌বি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনা ৩০ এপ্রিল নিজের আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িত্ব থেকে অব্যাহতি পান।

একই আদেশে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সেলিনা আহমেদকে আগামী তিন বছরের জন্য বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ মাস্টার্স শিক্ষার্থীদের জন্য মাত্র ৮ শতাংশ আসন বরাদ্দের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। গভীর রাতে বৃষ্টি উপেক্ষা করে তাঁরা প্রভোস্ট অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নোটিশ ছাড়াই জরিমানা, সিট বাতিলের হুমকি, স্বজনপ্রীতি এবং মানসিক হয়রানির ঘটনা ঘটছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম নতুন প্রভোস্ট নিয়োগের আশ্বাস দেন।

এর আগে গত বছরের ৪ নভেম্বর হলে সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্রীকে শোকজ নোটিশ দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে হলের নিয়ম ভঙ্গ ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়।

বিজয়-২৪ হলের এক শিক্ষার্থী আফনান আজিজ রামিন বলেন, অনার্স শেষে মাস্টার্সে ওঠার পর শিক্ষার্থীরা যেন সিটসংক্রান্ত জটিলতায় না পড়েন, সেটিই তাঁদের প্রত্যাশা।

অভিযোগের বিষয়ে জানতে অব্যাহতি পাওয়া প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, প্রভোস্টের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
পরবর্তী নিবন্ধইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও