নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামের এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে উপজেলার তারাব পৌরসভার মাসাব এলাকায় মাদক বিক্রি বন্ধে কাজ করছিলেন পুলিশ সদস্য আবুল কালাম। এরই সূত্র ধরে স্থানীয় মাদক বিক্রেতা শাহাদাত ও এমদাদুল নামের দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেন। এ ঘটনার পর থেকেই আবুল কালামকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন মাদক কারবারি শাহাদাতের ছোট ভাই শাহজালাল।
বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নিয়ে যান। এসময় শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০-১৫ জন মিলে নির্যাতন চালিয়ে আবুল কালামের হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন।
এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ইউএস বাংলা হাসপাতালের ম্যানেজার রনি হোসেন জাগো নিউজকে বলেন, ‘গতরাতে আবুল কালাম নামের একজন রোগী আমাদের হাসপাতালে এসেছিলেন। তার পায়ের হাড় ভাঙা ও রগে মারাত্মক জখম ছিল। আমাদের এখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাকায় পাঠিয়ে দেওয়া হয়।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’


