নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচার ৪০ নম্বর ভবনে বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী অনুষ্ঠেয় সভায় গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা পৃথকভাবে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি শিল্পটির সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।
সভায় উপস্থিত থাকার জন্য বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি ও বোর্ডের সদস্য বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে মজুরি হারের প্রস্তাব জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।


