র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্যও আমরা ব্যবহার করিনি। এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি, এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হত না। এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি খুঁজে পেয়েছিলাম, তা আর কারো মধ্যে পাইনি। অনেক পরে এসে তার ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলী খুঁজে পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন, যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি।

বাবর আরো বলেন, সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি। রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই, এটা আমার ব্যক্তিগত আবেগ। আমি ব্যক্তিগতভাবে এসেছি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি।

বিএনপির এই নেতা বলেন, নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। ওনার দেশপ্রেম দেখেছি। স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপস করেননি।

পূর্ববর্তী নিবন্ধমা অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় : তারেক রহমান
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর সুযোগ নেই: সালাহউদ্দিন