মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা এবং এর শর্ত মেনে চলার বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়ে কোনো বিদেশি নাগরিক চিকিৎসার খরচ মেটাতে সেদেশের সরকারের কোনো আর্থিক সহায়তা বা অনুদান গ্রহণকে ভিসার অপব্যবহার হিসেবে গণ্য করা হবে।

এ জন্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে অযোগ্য বা নিষিদ্ধ করা হতে পারে।
শনিবার (৭ নভেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। ভ্রমণের পরিকল্পনা করার আগে তাই নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবরের এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছিল, ভ্রমণকারীদের অবশ্যই তাদের পাসপোর্টের অনুমোদিত শেষ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে আসতে হবে। নিজের নির্দিষ্ট সময়সীমা যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।

এর গত ২৮ অক্টোবরের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় কেবল ব্যবসায়িক বৈঠক, সভা কিংবা চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা কোনো ধরনের কাজ করতে চাইলে সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হয়।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা থাকলে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে ট্রাকচাপায় মৃত্যু বেড়ে ৪
পরবর্তী নিবন্ধনয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল