জেলা প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী ও মোটরসাইকেলচালকসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা রয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩), তাদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেলচালক লিখন আকন্দ (৫০)।
স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল।
এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হন। আহত মোটরসাইকেলচালক লিখন আকন্দকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় চালকসহ সেটিকে আটক করেন।
জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেলচালক লিখনও নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।


