জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ বলেশ্বর নামের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে আরেকটি প্রাইভেটকার মায়ামি রেস্টুরেন্ট থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার সময় প্রাইভেটকারে চালকসহ মোট পাঁচজন ছিলেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন।
তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


