নিজস্ব প্রতিবেদক

সময়ের আবর্তে ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেল আরও একটি বছর। ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করতেই ইতিহাসের পাতায় ঠাঁই নিল ২০২৫ সাল। পূর্ব আকাশে উদিত নতুন সূর্য আজ বহন করে এনেছে ২০২৬ সালের শুভ বার্তা। তবে, বিদায়ী ২০২৫ সাল পেছনে রেখে গেছে ইতিহাসের এক বিশাল খতিয়ান— যেখানে অমলিন হয়ে আছে রাজনৈতিক নাটকীয়তা, রাষ্ট্র সংস্কারের সংগ্রাম আর একরাশ শোকাতুর স্মৃতি।
অন্যদিকে, বাংলাদেশের মানুষের জন্য ২০২৬ সাল কেবল একটি নতুন বর্ষবরণ নয় বরং এক কঠিন অগ্নিপরীক্ষার নাম। কারণ, দোরগোড়ায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
চলুন, একনজরে ফিরে দেখা যাক ২০২৫ সালের সেই ঘটনাবহুল দিনলিপি।
জানুয়ারি : সংস্কারের রোডম্যাপ ও নতুন বাংলাদেশের সূচনা
সংস্কারের অঙ্গীকার : ১৭ জানুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের শপথ পুনর্ব্যক্ত করেন। পুলিশ, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনগুলো মাঠপর্যায়ে কাজ শুরু করে।
ঐতিহাসিক রায় ও মুক্তি : ১৫ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজা বাতিল করেন উচ্চ আদালত। পরদিন ১৬ জানুয়ারি দীর্ঘ সাড়ে ১৭ বছর পর কারামুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
ক্যাম্পাস ও রাজপথ : সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা। মাসের শেষে রানিং স্টাফদের ধর্মঘটে স্থবির হয়ে পড়ে দেশের রেলযোগাযোগ।
ফেব্রুয়ারি : কূটনৈতিক তৎপরতা ও ‘অপারেশন ডেভিল হান্ট’
নিরাপত্তা অভিযান : অপরাধ দমনে গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’। প্রথম দিনেই সহস্রাধিক গ্রেপ্তার দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে।
কূটনৈতিক টানাপড়েন : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও উসকানিমূলক তৎপরতার অভিযোগে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। ১২ ফেব্রুয়ারি জাতিসংঘ জুলাই বিপ্লবের ওপর ‘মানবতাবিরোধী অপরাধের’ আলামত সম্বলিত প্রতিবেদন প্রকাশ করে।
নতুন রাজনৈতিক শক্তি : ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জাতীয় নাগরিক পার্টি’।
মার্চ-এপ্রিল : উত্তপ্ত হয় দ্রব্যমূল্যের বাজার ও আন্তর্জাতিক সম্পর্ক। আর রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই ছিল সরকারের প্রধান চ্যালেঞ্জ।
জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
চুক্তি পুনর্বিবেচনা : আদানি গ্রুপসহ বিতর্কিত বিদ্যুৎ চুক্তিগুলো তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়।
আইনি পরিবর্তন : বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ প্রবর্তিত হয়।
বিনিয়োগ ও কূটনীতি : এপ্রিলে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এ ৫০টি দেশের প্রতিনিধি অংশ নেন। দীর্ঘ ১৫ বছরের শীতল সম্পর্ক কাটিয়ে পাকিস্তানের সঙ্গে শুরু হয় উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক।


