জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। কমিটির মেয়াদ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন দেবে। সরকার ও বিরোধী দল মিলিতভাবে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজির বিরল। এর আগে বাংলাদেশে রাষ্ট্রপতিশাসিত সরকার থেকে সংসদীয় সরকারব্যবস্থায় রূপান্তরের সময় সরকার ও বিরোধী দল একমত হয়েছিল।

গত ২৩ এপ্রিল ইরান-ইসরায়েল যুদ্ধ কেন্দ্র করে দেশের ভেতরে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কমিটিতে সরকারি দলের পাঁচ সদস্য হলেন—জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকু, জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকুকে।

বিরোধী দলের পাঁচ সদস্য হলেন—সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে: সংসদে সেতুমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী