আন্তর্জাতিক ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কূটনৈতিক সমাধানের জন্য ‘আমাদের পক্ষ থেকে সব পথ খোলা আছে। তিনি সতর্ক করে বলেছেন, জোরপূর্বক ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। খবর আল জাজিরার।
ইরানের নতুন পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ হরমুজ প্রণালিতে একটি ‘তত্ত্বাবধান এলাকা’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সেখানে যাতায়াতের জন্য অনুমতিপত্র প্রয়োজন হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া যাতায়াত অবৈধ বলে গণ্য হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক এবং তার মতে ‘এটি এখনই খুলে দেওয়া উচিত’।
বুধবার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।
ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো চুক্তিতে পৌঁছাতে তার ‘কোনো তাড়া নেই’। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি শুধু দেখতে চাই তারা তাদের জনগণের জন্য সেরা কিছু চায় কি না।


