কূটনৈতিক ব্যর্থতায় শেখ হাসিনা অস্থিতিশীলতা তৈরির সুযোগ পাচ্ছে : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি। কূটনৈতিক ব্যর্থতার কারণেই শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারত দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সরকার আগে আশ্বস্ত করেছিল যে শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করে ভারত সরকারকে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে রাজি করানোর পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও জোরদার করতে হবে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চ্যুয়াল বক্তব্য দেশের কিছু গণমাধ্যম বিভিন্নভাবে প্রচার করেছে, যদিও আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের আলোকে এ ধরনের প্রচার হওয়া উচিত নয়।

এনসিপির মুখপাত্র বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত কোনো গণমাধ্যম কীভাবে এ ধরনের প্রচার চালায় এবং এ বিষয়ে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, তা স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, সরকার এ ঘটনায় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কূটনৈতিক ভাষায় ক্ষোভ প্রকাশ করেছে। তবে এনসিপির প্রত্যাশা ছিল আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী