নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সপ্তাহে কমপক্ষে দুদিন আধা ঘণ্টা করে সময় দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা করতে প্রধানমন্ত্রী এডিস মশার জন্মস্থান ধ্বংস করার অনুরোধ জানান।
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো। এছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। ফলে এবার মোট ভর্তি হলেন এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩২১ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ।


