বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ

জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মোল্লাহাট সেতুর ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকে। এ সময় তাদের হাতে দেশীয় লাঠিসোঁটা ছিল। পরে এক পর্যায়ে সেতুর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বেশকয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। 

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দুই পাশে মুখোমুখি অবস্থানে ছিল। তবে এই মুহূর্তে দু’পক্ষ সরে গেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখুলনা থেকে ফের পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ