ছাতকে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে জোড়াপানি-মৌলা সেতু

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে বন্যায় ভেঙে পড়া জোড়াপানি-মৌলা সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিন কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটির প্রাথমিক পর্যায়ের মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) সম্পন্ন হয়েছে।

এতে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কয়েকটি এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবের সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলীরা সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং ছাতক উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আয়াতুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

মাটি পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

এ সময় স্থানীয়দের উদ্দেশে সংসদ সদস্য বলেন, দীর্ঘদিনের পুরোনো সেতুটি বন্যায় ভেঙে পড়ায় ছাতকের একটি অংশ ও দোয়ারাবাজারের একটি অংশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নরসিংপুর এলাকা শাকসবজি উৎপাদনের জন্য পরিচিত। সেতু না থাকায় কৃষকেরা উৎপাদিত শাকসবজি সহজে বাজারজাত করতে পারছেন না। যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি বলেন, তিন কোটিরও বেশি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধছাতকে হাবিবুর রহমান চৌধুরীর ইন্তেকাল, দাফন সম্পন্ন