নিজস্ব প্রতিবেদক
দেশের উচ্চশিক্ষাব্যবস্থাকে গতানুগতিক ধারা থেকে বের করে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি বহুভাষা শিক্ষার সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়িয়ে বেকারত্ব কমানো সম্ভব নয়। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার বিকল্প নেই।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬-এ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩ শতাধিক কলেজের অধ্যক্ষদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকদর্শী এবং একাডেমিক নেতৃত্বের কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে তাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা অনেকাংশে নির্ভর করে।
তিনি বলেন, শহর ও গ্রামের সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়।
ফ্যাসিবাদের সময় অন্য সবকিছুর মতো দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে নিয়ে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে। একে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তবে, এসব উদ্যোগ বাস্তবায়নে কলেজের অধ্যক্ষদেরই নেতৃত্ব দিতে হবে।
প্রযুক্তিনির্ভর শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ
প্রধানমন্ত্রী বলেন, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও কার্যকর করতে শিক্ষক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করতে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি থাকার অন্যতম কারণ।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, বিশ্বের অর্ধেক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা ভোগ করতে পারেনি। এরই মধ্যে বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। ফলে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা এবং পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তিসহ নতুন নতুন প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎ আমূল বদলে দিচ্ছে। এসব প্রযুক্তির আবিষ্কার একদিকে পুরোনো অনেক পেশার বিলুপ্তি ঘটিয়ে বেকারত্বের কারণ হচ্ছে, অন্যদিকে নতুন নতুন চাকরির ক্ষেত্রও তৈরি করছে।
প্রধানমন্ত্রীর ভাষায়-শিক্ষা মানুষকে শক্তি দেয়, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতো। তাই অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে। এজন্য শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অনিবার্য।


