মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুল ইসলামকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনার পেছনে রাতে ফুটপাতে মুরগির অস্থায়ী দোকান বসানো নিয়ে দ্বন্দ্বের বিষয়কে দায়ী করছেন স্থানীয় ও তদন্ত সংশ্লিষ্টরা।

তারা বলছেন, গত বৃহস্পতিবার রাতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে একটি মুরগি ঢুকে পড়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হলেও সেটি এক পর্যায়ে হামলা ও খুনের ঘটনায় রূপ নেয়। যদিও হোটেল কর্তৃপক্ষ ও সামনের ফুটপাতে রাতে মুরগির অস্থায়ী পাইকারী দোকানদারদের সঙ্গে দ্বন্দ্বটা ছিল বেশ পুরোনো।

বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ২টার দিকে হোটেল ওসমানীতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং কর্মচারীদের ওপর হামলা চালায় এনায়েত এ্যানি ও তার ছেলে ইরান কাজী।

এ ঘটনায় হোটেলটির ম্যানেজার নাঈমুল ইসলাম মারা যান। গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, হোটেলের আরেক ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬)। এছাড়া হোটেলটির আরও ৫ আহত কর্মী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ খুনের ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় নিহতের বড় ভাই নাজমুল হুদা দুর্জয় বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেছেন। নাঈমুলের লাশ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে দুদুখান গ্রামে নিয়ে গেছেন স্বজনরা।

এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট অন্তত ৩ জন কর্মকর্তাও স্থানীয়দের মতোই ঘটনার নেপথ্যের কারণ হিসেবে প্রায় একই ধরনের তথ্য দিয়েছেন।

তারা বলছেন, হোটেলটির সামনে রাতে মুরগির পাইকারি বাজার বসে। বৃহস্পতিবার রাত ১টার দিকে সেখানকার খাঁচা থেকে একটি মুরগি ছুটে হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বিভিন্ন পাইকারী ব্যবসায়ীর দোকানে অস্থায়ীভাবে কাজ করা এনায়েত ওরফে এ্যানি হোটেলের নিরাপত্তা কর্মীকে মুরগিটি বের করে দিতে বলেন।

নিরাপত্তা কর্মী মুরগিটি বের করে দিলে এ্যানি সেটি সংশ্লিষ্ট ব্যবসায়ীর খাঁচায় না রেখে হোটেলের গেটের পাশে বেঁধে রাখেন। নিরাপত্তা কর্মী এতে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে এ্যানি ওই নিরাপত্তা কর্মীকে মারধর করেন। পরে হোটেলের কর্মীরা এ্যানিকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনা কক্ষে নিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেন।

এর মধ্যেই রাত পৌনে ২টার দিকে এ্যানির ছেলে ইরান সেখানে আসেন। হোটেল কর্মীদের সঙ্গে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইরান তার কাছে লুকিয়ে রাখা একটি রামদা ও একটি ছুরি বের করেন।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ আ’লীগের বিরুদ্ধে