জিয়াউলের বিচার : আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।

নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন জিয়াউল আহসান। তার পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

গত ২৬ নভেম্বর তৃতীয় দিনের সমাপনী বক্তব্যে প্রসিকিউশনের পক্ষে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি জিয়াউলকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক বলে উল্লেখ করেন। তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল। একই দিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও তার সর্বোচ্চ সাজা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিমও যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ এবং অপরাধ প্রমাণের বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

গত ২৪ নভেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিন জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরদিন দ্বিতীয় দিনের যুক্তিতর্কে বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা নিয়ে তথ্য ও আইনের ব্যাখ্যা দেওয়া হয়।

গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন। ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধহাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি
পরবর্তী নিবন্ধআইজেনকোটকে আগে প্রধানমন্ত্রী করার প্রস্তাব নেতানিয়াহুর