অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। তবে এসব বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না সরকার। ফলে অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে গেলে কেউ আসামিকে সহযোগিতা করলে, সে বিষয়ে তথ্য পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে এটি পরিচালিত হবে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় থাকবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এমনকি শেয়ারবাজারেও কারসাজি করা হচ্ছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপপুলার লাইফের ব্রাহ্মণবাড়িয়ায় বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ ৮৬ হাজার টাকার চেক বিতরণ উৎসব অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ নূরুল হুদা