মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়া হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। কিন্তু এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে কবে, তা আমরা এখনো জানি না। অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে যদি এইচএসসির ফল প্রকাশ করা হয়, তাহলে আমরা ডিসেম্বরের ৪ তারিখেই পরীক্ষা নিতে পারবো।

অধ্যাপক নাজমুল হোসেন বলেন, ফল প্রকাশের আগে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব নয়। এইচএসসি ফল প্রকাশ করা হলে তারপর ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। এরপর ফল পুনর্নিরীক্ষণ থাকে। তারপর আবেদনসহ অন্যান্য আনুষঙ্গিক কাজে প্রায় এক সময় লাগবে। তারপর তো ভর্তি পরীক্ষা নিতে হবে। সেই হিসাব কষে আমরা এগোচ্ছি।

‘এক কথায় বললে, যদি অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ করা হয়, তাহলে ৪ ডিসেম্বর পরীক্ষা হতে পারে। আর ফল প্রকাশ পিছিয়ে গেলে আমাদেরও বাধ্য হয়েই মেডিকেল ভর্তি পরীক্ষা আরও পেছাতে হবে। সেক্ষেত্রে বুয়েট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঘোষিত তারিখগুলোও বিবেচনায় নিতে হবে। বড় জটিলতা হতে পারে’, যোগ করেন অধ্যাপক নাজমুল।

পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, ‘আমরা এবারও একইদিনে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নেবো। প্রশ্নপত্র প্রণয়ন ও নম্বর বণ্টনসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এসব চূড়ান্ত হবে।’

গত বছর অর্থাৎ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার দুই দিন পর ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে