সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার সীমান্তবর্তী সোনালী চেলা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে সোনালী চেলা ক্ষুদ্র বালু ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, চেলা নদী সংলগ্ন সোনাপুর, কলাবাগান, কাজিরগাঁও, আলমপুর ও শারপিনপাড়াসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে একাধিক প্রভাবশালী চক্র পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।
এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে কয়েকটি গ্রামের অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে এবং সরকারি বন, জনবসতি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন চললেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
সরকার নির্ধারিত ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে অবিলম্বে এ কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।
অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফিজ ফয়াজ উদ্দিন, ইউপি সদস্য নুরু মিয়া, আবুল বাশার, জালাল উদ্দিন, বিএনপি নেতা মো. খলিলুর রহমান, আপ্তাব উদ্দিন, মো. নওশাদ জামিল, মো. রুবেল আহমেদ ও মো. ইসরাইল মিয়া প্রমুখ।


