সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফ-কে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে কামরাঙ্গী গ্রামবাসী।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর পক্ষ থেকে তাঁর হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত বক্তারা বলেন, মাওলানা আব্দুল লতিফ দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেছেন। তাঁর ধর্মীয় শিক্ষা, নৈতিক দিকনির্দেশনা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এলাকার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় কামরাঙ্গী গ্রামের মুরব্বি, যুবসমাজ, মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা মাওলানা আব্দুল লতিফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাওলানা আব্দুল লতিফের কল্যাণ ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


