যুদ্ধ বন্ধে সুখবর নেই, ইরানকে দায়ী করলেন রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে স্থায়ী সমাধানের আলোচনা এগোচ্ছে না। এ জন্য ইরানের কঠোর ও অগ্রহণযোগ্য দাবিকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

এরপর জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে তিনি বলেন, আলোচনায় দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে।

রুবিওর কথায়, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু দাবি আপত্তিকর, হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত।

তিনি বলেন, এখন পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

কূটনৈতিক সমাধান চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান বলে জানিয়েছেন রুবিও। তবে সব সমস্যার সমাধান যে আলোচনার মাধ্যমে সম্ভব হবে, এমন নিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই সমস্যাসহ সব সমস্যার কূটনৈতিক সমাধান চান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কখনো কখনো তা সম্ভব হয় না।

এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগোলে নতুন করে হামলা শুরুর আশঙ্কা কম।

ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা হলে সংঘাত ফের শুরুর সম্ভাবনা কম বলে মনে করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার
পরবর্তী নিবন্ধ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর