জেলা প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং অপরাধীর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ৭টার দিকে এই অবরোধ শুরু করেন তারা।ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফুরকান উদ্দিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
মারধরের শিকার শিক্ষার্থীর ভাষ্যমতে, বিনা টিকিটের যাত্রীকে ঘুষের বিনিময়ে সুবিধা দিচ্ছিলেন ট্রেনের দায়িত্বরত টিটি৷ তিনি এ বিষয়ে জানতে চাইলে এবং সরকারি সম্পদ আত্মসাৎ এবং অনিয়মের প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। এসময় তার চশমা ভেঙে যায়।
পরে তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জনতার দৃষ্টি আকর্ষণ করলে রেললাইন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।ফুরকান উদ্দিন বলেন, টিকিট ইস্যু না করে টিটি যাত্রীদের থেকে টাকা নিচ্ছিলেন।
রেলের টাকা রাষ্ট্রের সম্পদ। কিন্তু টিকিট ইস্যু না করে অল্প টাকায় সুবিধা দিয়ে অর্থ পকেট বন্দি করায় একজন আইন বিভাগের শিক্ষার্থী ও সচেতন নাগরিক হিসাবে আমি প্রতিবাদ করি। এসময় পেছনে থেকে অতর্কিতভাবে আমার উপর হামলা করা হয়। আমার চশমা ভেঙে গেছে এবং বেশ আহত হয়েছি।


