সোনালী ব্যাংকের আমানত ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

মাসুদ মিয়া

দেশের ব্যাংকিং খাত যখন তারল্য সংকট, খেলাপি ঋণ এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় ব্যস্ত, তখন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি একের পর এক ইতিবাচক সূচক অর্জন করে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যাংকের মোট আমানত ২ লাখ কোটি টাকা অতিক্রম করেছে, আর এই রেকর্ড গড়েছে সোনালী ব্যাংক।

সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি শুধু সোনালী ব্যাংকের নয়, দেশের ব্যাংকিং খাতের জন্যও একটি ঐতিহাসিক অর্জন। দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকের মোট আমানত ছিল প্রায় ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা। মাত্র ২১ মাসে প্রায় ৩৫ হাজার কোটি টাকা নতুন আমানত যুক্ত হয়েছে। গ্রাহকদের আস্থা, সুশাসন, প্রযুক্তিনির্ভর সেবা এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।”

‘২১ মাসে আমানত বেড়েছে ৩৫ হাজার কোটি টাকা’

সোনালী ব্যাংক সূত্র জানায়, গ্রাহকসেবা উন্নয়ন, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং আমানত সংগ্রহে বিশেষ কর্মসূচির কারণে এই প্রবৃদ্ধি এসেছে। একই সময়ে খেলাপি ঋণ থেকে প্রায় ২ হাজার কোটি টাকা আদায় করা হয়েছে, যার মধ্যে নগদ আদায়ের পরিমাণ ১ হাজার ১০০ কোটি টাকা।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান বলেন, “গ্রাহকের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তিনির্ভর সেবা, সুশাসন এবং জবাবদিহি নিশ্চিত করার ফলেই আমানত সংগ্রহে এ সাফল্য এসেছে।”

‘বছর শেষে পরিচালন মুনাফা ১২ হাজার কোটি টাকার আশা’

গত বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৮ হাজার ১৭ কোটি টাকা। চলতি বছর শেষে তা ১২ হাজার কোটি টাকায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন এমডি।

তিনি বলেন, “ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, ব্যয় নিয়ন্ত্রণ এবং খেলাপি ঋণ আদায়ের গতি বাড়ানোর ফলে পরিচালন মুনাফা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আমরা আশাবাদী।”

‘২০২৭ সালের মধ্যে খেলাপি ঋণ সিঙ্গেল ডিজিটে নামবে’

দেশজুড়ে সোনালী ব্যাংকের ১ হাজার ৩৩৫টি শাখা রয়েছে। ব্যাংকটির লক্ষ্য, কঠোর আইনি ব্যবস্থা, নিয়মিত তদারকি এবং পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে খেলাপি ঋণের হার একক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনা।

এমডি বলেন, “খেলাপি ঋণ আদায়ে আমরা কোনো ধরনের আপস করছি না। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদায় কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের বিশ্বাস, ২০২৭ সালের মধ্যে খেলাপি ঋণের হার একক অঙ্কে নেমে আসবে।”

তিনি জানান, গত ডিসেম্বরে ব্যাংকের মূলধন ঘাটতি ছিল প্রায় ৬ হাজার কোটি টাকা। বর্তমানে সেই ঘাটতি কাটিয়ে ব্যাংক ইতিবাচক মূলধন অবস্থানে এসেছে।

‘সম্পূর্ণভাবে চালু হয়েছে বাংলা কিউআর’

ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাংলা কিউআর (ইধহমষধ ছজ) ব্যবস্থা চালু করেছে সোনালী ব্যাংক।

শওকত আলী খান বলেন, “বাংলা কিউআর চালুর ফলে যেকোনো ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহক একই কিউআর কোড ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারছেন। এটি ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করেছে।”

তিনি জানান, ‘সোনালী ই-ওয়ালেট’ অ্যাপের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরাও এখন ঘরে বসেই বিভিন্ন ব্যাংকিং সেবা পাচ্ছেন।

‘ক্রেডিট কার্ড সেবা আরও বিস্তৃত করা হবে’

২০১০ সালে সীমিত পরিসরে ক্রেডিট কার্ড চালু করেছিল সোনালী ব্যাংক। এখন এ সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ বিতরণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, “যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো বড় ঋণ অনুমোদন দেওয়া হচ্ছে না। উৎপাদনশীল খাত ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সোনালী ব্যাংকের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, “কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণ, সরকারি কর্মচারীদের ঋণসহ বিভিন্ন সেবা এখন প্রযুক্তিনির্ভরভাবে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমের অংশীদার হিসেবেই আমরা কাজ করছি।”

সাক্ষাৎকারের শেষদিকে ব্যাংকের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে মো. শওকত আলী খান বলেন, “সোনালী ব্যাংক এখন শুধু সরকারি লেনদেনের ব্যাংক নয়; এটি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হচ্ছে। এই অর্জনের কৃতিত্ব ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর। তাঁদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনে সুশাসন, প্রযুক্তি ও গ্রাহক আস্থার ভিত্তিতে সোনালী ব্যাংককে দেশের সবচেয়ে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দক্ষ নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর সেবা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং গ্রাহককেন্দ্রিক উদ্যোগের সমন্বয়ে সাম্প্রতিক সময়ে সোনালী ব্যাংক আর্থিক বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

পূর্ববর্তী নিবন্ধমানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন
পরবর্তী নিবন্ধইরাকের সঙ্গে ৬০০০ কোটি ডলারের ৪৮ চুক্তি যুক্তরাষ্ট্রের