শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগও ওঠে।

এদিকে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেও তা আন্দোলন থামাতে পারেনি। রাতেও শিক্ষার্থীরা রাজধানীতে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন

রাত সোয়া ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে গাড়ি চলাচল আটকে দিয়ে জড়ো হতে শুরু করেছেন।

এরপর তারা খামারবাড়ি থেকে আসাদগেটের দিকে যাওয়ার রাস্তায়ও অবরোধ করেন। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের প্রতিনিধি দলে থাকা তেজগাঁও মহিলা কলেজের এক ছাত্রী দাবি করেন, তাদের একটি দল সংসদের ভেতরে প্রবেশ করলেও দায়িত্বশীল কারো আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, আমাদের কাছে প্রতিনিধি চাওয়া হয়েছে, তারা (সংসদের) ভেতরে ঢুকতেই বাইরে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা দুই ঘণ্টা বসে থাকলেও কোনো সিদ্ধান্ত দেননি। আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা, সেই বিষয়টাও তারা স্পষ্ট করে কিছু বলছেন না। দুই ঘণ্টা বসে থাকার পরও কারো সঙ্গে কথা বলতে পারিনি। অথচ দায়িত্বশীলদের সঙ্গে কথা বলতেই আমাদের ভেতরে নেওয়া হয়েছিল।

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবরোধ করেছিলেন পরীক্ষার্থীরা।

অ্যাভিনিউয়ের দুই পাশেই আটকে রাখার ফলে আসাদগেট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরীক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি ধাওয়া দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। এসময় ছত্রভঙ্গ হয়ে যান তারা।

পূর্ববর্তী নিবন্ধপদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা