সোমবার চট্টগ্রাম বাদে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।

রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা ছাড়া) আওতাধীন সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্ত বহাল থাকবে। সে অনুযায়ী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) ও ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগেও গত ৮ এবং ১১ জুলাই বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স এর নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।

প্রসঙ্গত, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা।

পূর্ববর্তী নিবন্ধপোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা
পরবর্তী নিবন্ধঢাকায় ২০০৯ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড