নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমতি চেয়েছে সংস্থাটি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এতে শূন্যপদ থাকতে পারে ৬৯ হাজার ৫৭৭টি।

রোববার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এনটিআরসিএ কর্মকর্তারা জানান, নবম এনটিআরসিএ প্রবেশপর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের যাচাই করা ১১৬টি বিষয়ের ৭৫ হাজার ৭৬৯টি শূন্যপদের চাহিদা পাওয়া যায়। এ শূন্যপদ থেকে ১৮তম নিবন্ধনধারীদের পদ সংরক্ষণ করে ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে প্রবেশপর্যায়ের জন্য নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি এবং পরীক্ষার জন্য প্রণীত সিলেবাস অনুমোদন করে ৬৯ হাজার ৫৭৭টি পদের জন্য ‌‘নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রশাসনিক অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এনটিআরসিএ সূত্র জানায়, এর আগে সংস্থাটি নবম বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্যপদের চাহিদা যাচাইয়ের কাজ শেষ করেছে। তাতে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য পাওয়া গিয়েছিল। তবে যাচাইয়ে ৭৫ হাজার ৭৬৯টি পদ অবশিষ্ট ছিল। পরে আরও দুই হাজার ৫৩০টি পদ নানান কারণে বাদ পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার
পরবর্তী নিবন্ধঅলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর