
বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা নামকস্থান থেকে ৬ জন শ্রমিককে অপহরণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, গত রাত আনুমানিক সাড়ে ১১টায় টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় অবস্থিত মো. ইসমাইলের মালিকানাধীন রাবার বাগানে কর্মরত ৬ জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা।
অপহৃতরা হলেন- মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত। তারা বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।


