নিউজ ডেস্ক
ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য গোষ্ঠীগুলো। ওই রুট কতটা নিরাপদ- সেটি যাচাই করছে তারা। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এখনো হরমুজ প্রণালিতে জাহাজের আনাগোনা খুবই সীমিত।
বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করার বিষয়টি শুক্রবার সামাজিক মাধ্যমে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যদিও তিনি সতর্ক করেছেন যে, জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত ‘নিরাপদ লেন’ বা পথই ব্যবহার করতে হবে।
সামাজিক মাধ্যম এক্সে আব্বাস আরাঘচি লিখেছেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে, ইরানের বন্দর ও নৌ-সংস্থা কর্তৃক ঘোষিত সমন্বিত পথে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলোকে কেবল নির্ধারিত রুট দিয়েই চলাচল করতে হবে। তবে সামরিক কোনো জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।
ধারণা করা হচ্ছে, এটি সেই মানচিত্র এবং দুটি রুটের দিকে ইঙ্গিত করছে, যা গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি নির্ধারণ করে দিয়েছিল।


