কানাডায় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক

নিয়োগের প্রায় পাঁচ মাস পর অবশেষে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। গত ২২ মে থেকে তিনি ছুটিতে ছিলেন। বেশ কিছু প্রচলিত প্রথা না মেনে অনেকটা নীরবে তিনি কানাডা গেলেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত শুক্রবার (১ নভেম্বর) তিনি টরন্টো পৌঁছান এবং পরে অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে যোগ দেন।

সূত্র জানায়, যাওয়ার আগে তিনি সাক্ষাৎ পাননি প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের। এমনকি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। শুধু নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকতা সেরেছেন।

গত বছরের সেপ্টেম্বরে দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা মো. জসীম উদ্দিন। দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় অন্তর্বর্তী সরকার তাকে পদ থেকে সরিয়ে ছুটিতে পাঠায়। তার আচমকা পদত্যাগ বা সরিয়ে দেওয়ার বিষয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

ওই সময় পররাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে মন্ত্রণালয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তখন বলেছিলেন, ‘অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে হয়তো সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি।’

‘ছুটিতে যাচ্ছেন না কি চাকরি ছাড়ছেন’— এমন প্রশ্নে তিনি আরও বলেছিলেন, ‘উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যখন চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।’

পূর্ববর্তী নিবন্ধশাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ- সাউন্ড গ্রেনেড, আহত ১০০
পরবর্তী নিবন্ধএক মাসে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি