নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করে রাখা মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে হঠাৎ বাসে আগুন দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের প্রাথমিক ধারণা, বাসটির ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৯৪২১) হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, মিডলাইন বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় বাসটিতে মেরামতের কাজ করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগতে পারে। তবে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


