দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় জনদুর্ভোগ লাঘব ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন স্থান পরিদর্শন
করেছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।মঙ্গলবার (৪ আগস্ট)
তিনি পৌর এলাকার সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল
ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রশাসক সদর বাজারের সার্বিক
অবস্থা পর্যবেক্ষণ করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ও দ্রুত কার্যকর
পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
এ ছাড়া শহরকে জলাবদ্ধতামুক্ত রাখতে চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম
সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে পরিষ্কার কার্যক্রম আরও জোরদারের
নির্দেশ দেওয়া হয়।
এ সময় টেংরাখোলা চৌরঙ্গী থেকে আটাডাঙা বাঁওড় পর্যন্ত খাল পুনঃখননের
বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন
প্রশাসক।পাশাপাশি গোপীনাথপুরসহ পৌরসভার যেসব ওয়ার্ডে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, সেসব
এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
পৌর প্রশাসনের পক্ষ
থেকে জানানো হয়েছে, মুকসুদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জনবান্ধব পৌরসভায়
পরিণত করতে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


