ফিলিস্তিনের ১২৩ একর জমি দখল, লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

গ্রামের জমি সামরিক সড়ক নির্মাণের জন্য ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জমি দখল করেছে ইসরায়েল। এই দখলকৃত জমির পরিমাণ প্রায় ১২৩ একর। এছাড়াও গত শুক্রবার থেকে নাবলুস এলাকায় আটটি নতুন অবৈধ আউটপোস্ট স্থাপন করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা(সেটলার)।

অন্যদিকে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের আলি আল-তাহের পাহাড়সংলগ্ন এলাকায় ফের গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোর থেকে হামলা শুরু হয় বলে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। তবে, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং দমন-পীড়নের প্রতিবাদে শনিবার তেল আবিবের কাপলান স্ট্রিটে শত শত মানুষ বিক্ষোভ করেছেন।

বামপন্থি হাদাশ (Hadash) পার্টি এবং তাদের মিত্র সংগঠনগুলোর উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতা ও সামরিক অভিযানের অবসানের দাবি জানান এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বলপ্রয়োগের নিন্দা জানান।

সোমবার (২৭ জুলাই) ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এক বিবৃতিতে জানায়, তুবাস প্রদেশ ও তাইয়াসির গ্রামের জমি সামরিক সড়ক নির্মাণের জন্য জব্দ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি নিরাপত্তা ও সামরিক সড়ক নির্মাণ করতে ২০২৮ সালের শেষ পর্যন্ত এই জব্দাদেশ কার্যকর থাকবে। মূলত ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের ব্যবহারের জন্য এ রাস্তা তৈরি করা হবে।

কমিশনের দাবি, এই সামরিক আদেশের ফলে এলাকাজুড়ে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হবে এবং ফিলিস্তিনিরা তাদের নিজস্ব জমিতে প্রবেশাধিকার হারানোর ঝুঁকিতে পড়বেন।

পূর্ববর্তী নিবন্ধভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
পরবর্তী নিবন্ধনিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ