নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালে বাস, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে যাওয়ার সময় ওই বাসের নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এতে আরও এক পথচারী আহত হন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাসের চালক অনেকবার হর্ন দিয়েছিলেন। এসময় পথচারীদের অনেকে সরে গেলেও একজন মোবাইল ফোনে ব্যস্ত থাকায় গাড়ির নিচে চাপা পড়েন। বাসটির ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়েছিল। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার পর ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে চালক বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমে ধাক্কা দেয়। এসময় সড়কে দাঁড়িয়ে থাকা একজন পথচারী বাসটির নিচে চাপা পড়ে মারা যান। আরও এক পথচারী আহত হন।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধব্র্যান্ডের আড়ালে নকল পণ্য: এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা