খুবিসাস নির্বাচন সম্পন্ন: সভাপ‌তি ইব্রাহীম, সম্পাদক না‌হিদ

ইভান নির্জন, খু‌বি থে‌কে

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বিজয়ী হন ইব্রাহিম খলীল।

সহসভাপতি পদে সানজিদা আক্তার, সাধারণ সম্পাদক পদে মো. নাহিদ হাসান বিজয়ী হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আবিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মারুফ আহম্মেদ এবং দপ্তর সম্পাদক পদে মো. মাহমুদ শেখ বিজয়ী হন। এছাড়াও, কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে বিজয়ী হন ইউসুফ সাদিক, মেহেদী হাসান ও সোহান সাকিব।

অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ফাহাদ খন্দকার এবং অর্থ সম্পাদক পদে জাহিদা সুলতানা রিমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এই দুই পদে কোনো ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আশিক উর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিতদের অভিনন্দন জানান সমিতির সদস্যরা। নতুন কমিটির প্রতি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও পেশাদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধ৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান
পরবর্তী নিবন্ধজিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করবো: প্রধানমন্ত্রী