আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আব্রাহাম অ্যাকর্ডের অধীনে রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি না হলে তিনি সৌদি আরবের সঙ্গে কোনো বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে আগাবেন না।
শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, ‘এটি করতে হলে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসের সদস্য হতে হবে। এটি ইতোমধ্যেই খুবই সফল হয়েছে। এখন তাদের এটি করার সময় এসেছে।’
এর আগে বুধবার ওয়াশিংটন ও রিয়াদ সৌদি আরবে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এ ঘটনার এক দিন পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি শর্ত ঘোষণা করে বলেন, সৌদি আরবকে প্রথমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। শুক্রবারও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তি স্বাক্ষরের আগে তিনি জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে এ বিষয়ে কথা বলেননি। তবে বিষয়টি সবসময়ই প্রকাশ্য ছিল। ক্রিস রাইট এবং সৌদি আরব উভয়ই এ বিষয়ে অবগত ছিল।
আল জাজিরা জানিয়েছে, পারমাণবিক চুক্তির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি যুক্ত করে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের বিষয়ে সৌদি আরব এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

