ইরানের তেল রপ্তানির ওপর ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ৮০টি অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এ ঘটনার জন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ গত মাসে ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। তবে মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করায় সময়সীমা কমে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীর ভেতরে ও আশপাশে তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরই যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নেয়। তবে তেহরানের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ উত্তেজনার মধ্যেও আলোচকরা ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক বোঝাপড়া নড়বড়ে হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রতিশোধমূলক আরও পদক্ষেপ বৃহত্তর চুক্তি নিয়ে চলমান আলোচনাকে ব্যাহত করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে আরেক মার্কিন কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্য-প্রমাণে ইঙ্গিত মিলেছে যে ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দৈনিক চালানের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালী দিয়ে পরিবহন করা হতো।

তেল রপ্তানি ইরানের আয়ের অন্যতম প্রধান উৎস। এ খাত থেকে দেশটি প্রতিবছর শত শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। এই অর্থ সরকারি ব্যয় নির্বাহের পাশাপাশি বছরের পর বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে সহায়তা করতে ব্যবহৃত হয়ে আসছে।

কঠোর বিধিনিষেধের মধ্যেও তেহরান সাম্প্রতিক বছরগুলোতে প্রধানত চীনে তেল রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে। ফলে তেল বিক্রি দেশটির অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইনে পরিণত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক নিহত
পরবর্তী নিবন্ধবান্দরবানের সাংগু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল