নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা।আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত ২৩ আগস্ট সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ।ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে। কর্মসূচির জন্য মোট ২১টি শর্ত দেওয়া হয়েছে।
পুলিশের শর্তগুলোর মধ্যে রয়েছে—অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না; নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে; ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার করা যাবে না; উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।এছাড়া কর্মসূচিতে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না; আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড করা যাবে না এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। মানববন্ধন চলাকালে সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করতে বলা হয়েছে।


