গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসনের সঙ্গে জড়িতদের বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। যারা মানুষের রক্ত ঝরিয়েছে এবং গণহত্যা চালিয়ে এখনো অনুশোচনা প্রকাশ করেনি, তাদের রাজনীতিতে প্রত্যাবর্তনের সুযোগ দেশের মানুষ দেবে না।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে অন্যায়-অবিচার ও দুঃশাসন প্রতিষ্ঠার জন্য মানুষের রক্ত নিয়েছে, দেশের ওপর অত্যাচার করেছে, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, সেই জালেম, স্বৈরাচারী, ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের এ দেশে আর কোনো রাজনীতি হবে না।

তিনি বলেন, যারা তাদের প্রত্যাবর্তন সহজতর করতে বিভিন্ন প্রক্রিয়ায় বিভ্রান্তিকর রাজনীতি করছে, তাদের উদ্দেশে বলতে চাই – বাংলাদেশের মানুষ গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না। যারা গণহত্যা চালিয়ে এখনো দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা বা অনুতপ্ত হয়নি, তারা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

তারা দিল্লিতে অবস্থান করছে। তারা কখনো এ দেশে ফিরে রাজনীতি করতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিকভাবে আমাদের মধ্যে মতপার্থক্য ও বিভক্তি থাকতে পারে। প্রত্যেকের আলাদা আদর্শভিত্তিক রাজনীতি থাকতে পারে। কিন্তু যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, দীর্ঘ ১৭ বছর আলেম-ওলামাদের ওপর নির্যাতন করেছে এবং মসজিদে নামাজ আদায় করতে বাধা দিয়েছে, তাদের বিষয়ে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি বলেন, সরকারের সমালোচনা করুন, তবে তা হতে হবে গঠনমূলক। সরকারের সঙ্গে অসহযোগিতা করতে পারেন, কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে অসহযোগিতা করবেন না। দেশকে ঐক্যবদ্ধ রেখে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় পৌঁছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে মহাসম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী এ বার্ষিক দ্বীনি মহাসম্মেলন বৃহস্পতিবার বাদ ফজর শুরু হয়। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশবরেণ্য আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির