৭ জেলায় বন্যায় নিহত ৫৬

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। দুর্যোগে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৯ জন।
নিজস্ব প্রতিবেদক

ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৮৫৪ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে।

সরকারি হিসাবে, কক্সবাজারে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা।

এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে ছয়জন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজন মারা গেছেন।
আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে দুইজন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে কক্সবাজারের ১০টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ৭১টি ও চারটি পৌরসভা রয়েছে। এ পর্যন্ত নিহত ৩১ জন, আহত ২৪ জন ও নিখোঁজ একজন। সেখানে তিনটি আশ্রয়কেন্দ্রে ১৯৩ জন আশ্রয় নিয়েছে।

চট্টগ্রামের ১৬টি উপজেলায় আংশিক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ১২২টি ও চারটি পৌরসভা রয়েছে। এ পর্যন্ত নিহত ১৫ জন, আহত ১২ জন। সেখানে ৭০টি আশ্রয়কেন্দ্রে ৩১৪০ জন আশ্রয় নিয়েছে।

রাঙামাটির নয়টি উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ৪৩টি ও দুটি পৌরসভা রয়েছে। এপর্যন্ত নিহত তিনজন। সেখানে ৪০টি আশ্রয়কেন্দ্রে ৩১৫৮ জন আশ্রয় নিয়েছে।

বান্দরবানের সাতটি উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ৩৪টি ও দুটি পৌরসভা রয়েছে। এ পর্যন্ত নিহত ছয়জন ও আহত দুইজন। সেখানে ৫৪টি আশ্রয়কেন্দ্র ২৫৮৪ জন আশ্রয় নিয়েছে।

মৌলভীবাজারে তিনটি উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ২১টি ও একটি পৌরসভা রয়েছে। এ পর্যন্ত নিহত একজন। সেখানে ১০টি আশ্রয়কেন্দ্র ১৭৪৫ জন আশ্রয় নিয়েছে।

খাগড়াছড়িতে নয়টি উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ৩৮টি ও তিনটি পৌরসভা রয়েছে। এ পর্যন্ত আহত একজন। সেখানে তিনটি আশ্রয়কেন্দ্রে ৩৪ জন আশ্রয় নিয়েছে।

খাগড়াছড়িতে তিনটি উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে পাঁচটি ইউনিয়ন পরিষদ রয়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানে দুটি আশ্রয়কেন্দ্র কেউ আশ্রয় নেয়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নগদ টাকা, চাল, শুকনো খাবার, ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তা বিতরণ করা হচ্ছে। কক্সবাজারে ৩০ লাখ টাকা, চার হাজার ৫০ মেট্রিক টন চাল, চট্টগ্রামে ৬৫ লাখ হাজার টাকা ও এক হাজার ২০০ মেট্রিক টন চাল, রাঙামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, চাল, বান্দরবান ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, মৌলভীবাজার ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল, খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জে পাঁচ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বমোট এক কোটি ৭৫ লাখ টাকা ও ৩২৫০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাকি ৫৭ জেলার প্রতিটিকে সাধারণ বরাদ্দ হিসেবে নগদ দুই কোটি ৮৫ লাখ টাকা ও ৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সারাদেশে মোট চার কোটি ৬০ লাখ টাকা এবং আট হাজার ৯৫০ মেট্রিক টন চাল মানবিক সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা বরাদ্দ দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ
পরবর্তী নিবন্ধওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ