সুনামগঞ্জ প্রতিনিধি :

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার নতুন বাজার আলিম মাদ্রাসায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ শামছুন নূর।
সমাবেশ সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন।স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ শামছুন নূর বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ওপর।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষার প্রতি আরও যত্নবান হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন আজাদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মমিন, আব্দুল আউয়াল, সরকারি শিক্ষক রানা নাদিম, আয়নাল হক, মাওলানা কুতুব উদ্দিন, রাজন মিয়া, হানিফা বেগম এবং সোমা বেগম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে সন্তানদের দূরে রাখা, নিয়মিত পাঠদান, সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মুশাহিদ আলী, সাজ্জাদুর রহমানসহ অন্যান্য অভিভাবক। তারা মাদ্রাসা কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, পরীক্ষার ফলাফল, উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শেষে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


