নিজস্ব প্রতিবেদক

খেলাপি ঋণ আদায় জোরদার ও ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি।
‘One Officer, One CL Recovery Goal – Making Sonali Strong and Whole’ শীর্ষক কর্মসূচির আওতায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ১২ হাজার ৯৬ জন কর্মকর্তাকে তাঁদের নিয়মিত দায়িত্বের পাশাপাশি রিলেশনশিপ অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ শওকত আলী খান।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এছাড়া অনলাইনে সারাদেশে ব্যাংকের সকল কার্যালয় ও শাখা প্রধান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায়ে রিলেশনশিপ অফিসারদের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।
এই কর্মসূচির আওতায় রিলেশনশিপ অফিসারগণ সাপ্তাহিক ছুটির দিনেও খেলাপি ঋণগ্রহীতা ও জামিনদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সাক্ষাৎ করবেন।
ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সার্বিক অগ্রগতি নিয়মিতভাবে প্রধান কার্যালয়ের মনিটরিং সেল-কে অবহিত করবেন।
এ উদ্যোগের মাধ্যমে খেলাপি ঋণ আদায় কার্যক্রমে গতি আনা, ঋণঝুঁকি কমানো এবং সোনালী ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করাই ব্যাংক কর্তৃপক্ষের লক্ষ্য।


