কাতারের সাবেক আমিরের মৃত্যু: বুধবার দেশে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৫ জুলাই) এই শোক পালন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেছেন। আধুনিক কাতারের অভূতপূর্ব রূপান্তরের রূপকার, অসামান্য দূরদর্শী এই নেতা আজীবন বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু ছিলেন।

‘সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তার মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।’

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে আগামী বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনায় বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসায়েন্সল্যাব মোড় ছেড়ে সংসদ ভবনের দিকে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী’