রাজধানীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শ্যামলী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন এক ট্রাকের চালকের সহকারী (হেলপার) রনি (৩৫)। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৩ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। অন্যজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রনিকে ঢামেকে নিয়ে আসা উজ্জ্বল জানান, শ্যামলী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হলে এক ট্রাকের হেলপার রনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকনগর গ্রামের আবুল কাশেমের সন্তান। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ১৯৪৮ মৃত্যু, শনাক্ত ৭ লাখ ৩৪ হাজার
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর খুনিদের দেশে আনার চেষ্টা অব্যাহত আছে: পররাষ্ট্রমন্ত্রী