নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

এতে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হন।তিনি বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয় যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন।

এতে বিস্ফোরণ ঘটলে গাড়িচালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে আঘাত লাগে।পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

পূর্ববর্তী নিবন্ধকাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা
পরবর্তী নিবন্ধবাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ চান প্রধানমন্ত্রী