সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফোনে বিষয়টি নিশ্চিত করেন শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে ২০০ শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, শ্রমিকদের ঘিরে দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজনের সংখ্যাই বেশি। হেমায়েতপুরে শুরুতে তারাই পোশাক কারখানায় হামলা চালান। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। প্রকৃত শ্রমিকরা আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

এসপি আরও বলেন, হেমায়েতপুর এলাকা থেকে একটি ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণ করেছিলেন। এছাড়া পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকদের জন্য রেশন, হাসপাতাল ও ডরমিটরি চান শিল্পমালিকরা
পরবর্তী নিবন্ধন্যায্য মজুরি নির্ধারণে একমত সরকার-মালিক-শ্রমিকপক্ষ, কাজে ফেরার আহ্বান