৭ মে থেকে উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

নিউজ ডেস্ক

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে (ইআরএল) উৎপাদন বন্ধ প্রায় ১৭ দিন। মূলত অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সংকটে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। সব অনিশ্চয়তা কাটিয়ে আরও ৯ দিন পর ফের উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র পেট্রোলিয়াম রিফাইনারি ইআরএল। ইআরএলে পরিশোধনে ব্যবহৃত শতভাগ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে হয়। বাংলাদেশ জিটুজি পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব অপরিশোধিত তেল আমদানি করে।

আমদানি করা এসব অপরিশোধিত তেল শতভাগ পরিবহন করে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। বিএসসি এসব তেল পরিবহনের জন্য বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ভিক এনার্জি থেকে চার্টারে জাহাজ ভাড়া নেয়।

মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর বিএসসির চার্টারার প্রতিষ্ঠান আমেরিকান কোম্পানি হওয়ায় মার্চ মাসে দুই লাখ টন অপরিশোধিত তেল পরিবহনে ঝুঁকি তৈরি হয়। এর মধ্যে সৌদি আরবের রাস তানুরা থেকে এক লাখ টন অপরিশোধিত তেল লোড করে হরমুজ প্রণালিতে হামলার আশঙ্কায় গত ৫ এপ্রিল থেকে আটকা পড়ে নর্ডিক পোলাক্স নামে ট্যাংকার জাহাজ। প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও কখন জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে তার নিশ্চয়তা এখনো মেলেনি।

এমটি নিনেমিয়া’ আগামী ৬ মে বাংলাদেশে আসার কথা রয়েছে। আমরা চেষ্টা করছি জাহাজটি ১২ ঘণ্টা এগিয়ে নিয়ে আসার বিষয়ে। পথে কোনো জটিলতা না থাকলে আসা করছি আগামী ৭ মে আমরা রিফাইনারি চালু করতে পারবো।- ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশরী শরীফ হাসনাত

পাশাপাশি অন্য পার্সেলে সংযুক্ত আরব আমিরাতের জেবল দানা বন্দর থেকে ২১-২২ মার্চ, পরবর্তীসময়ে সূচি পাল্টে ৩১ মার্চ এক লাখ টন অপরিশোধিত তেল লোড নেওয়ার কথা থাকলেও এর আগেই যুদ্ধ এলাকায় মালিকপক্ষের জাহাজ পাঠানোর অনীহার কারণে ‘ওমেরা গ্যালাক্সি’ নামে ট্যাংকার ভেসেলের যাত্রা বাতিল হয়।

ফলে অপরিশোধিত তেল সংকটে গত ১২ এপ্রিল বিকেল থেকে ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্ট ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরে সিডিইউনির্ভর অন্য প্ল্যান্টগুলোও বন্ধ হয়ে যায়। চলমান জ্বালানি সংকটের মধ্যে যা উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। এর মধ্যে সরকার স্পট মার্কেট থেকে বেশি দামে পরিশোধিত জ্বালানি কিনে পরিস্থিতি সামাল দিয়েছে।

আশার কথা, সৌদি আরবের ইয়ানবু থেকে এক লাখ টন ক্রুডবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’ দেশে আসছে আগামী ৬ মে। সবকিছু ঠিক থাকলে ৭ মে ইআরএল পুনরায় উৎপাদনে ফিরবে। পাশাপাশি মে মাসে আরও দুই লাখ টন ক্রুড নিয়ে আরও দুটি জাহাজ আসছে। এতে মে ও জুলাই মাসে আর অপরিশোধিত তেলের সংকট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিপিসি সূত্রে জানা যায়, সবশেষ গত ১৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন মারবান ক্রুড আসে। এরপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হলে বাংলাদেশে অপরিশোধিত তেল আমদানি অনিশ্চয়তার মুখে পড়ে। বিশেষ করে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় বাংলাদেশে অপরিশোধিত তেল আসা। এর মধ্যে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ গত ২১ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে।

পূর্ববর্তী নিবন্ধনিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত
পরবর্তী নিবন্ধদুই মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এলএনজিবাহী ট্যাংকার