ইভান নির্জন, খুবি থেকে

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল সমিতির কার্যালয়ে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত তফসিল অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ২৮ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবন-৩-এর ৩০৬ নম্বর কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। একই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ১১টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পদগুলো হলো—সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তিনটি কার্যনির্বাহী সদস্য পদ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। এদিকে, বর্তমান কার্যনির্বাহী পরিষদ-২০২৫–এ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলকামা রমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের মো. মিরাজুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি এইচ এম মাসুম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অর্ক মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসিবুল হাসান। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মারুফ আহম্মেদ, ফাহাদ খন্দকার ও রাতুল খান।


