আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনাল ম্যাচ ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কানাডা থেকে ভেসে আসা দাবানলের ধোঁয়া এখন যুক্তরাষ্ট্রের আকাশ গ্রাস করেছে। এর ফলে পুরো দেশজুড়ে জারি করা হয়েছে অস্বাস্থ্যকর বায়ুমানের সতর্কতা। এই ধোঁয়ার কারণে নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি সময়মতো মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, দক্ষিণমুখী বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি শুক্রবার (১৭ জুলাই) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বায়ুমান সূচক বা একিউআই ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ঘরের বাইরে অপ্রয়োজনীয় চলাফেরা না করার পরামর্শ দিয়েছে।
যে নিউ জার্সির যে উন্মুক্ত স্টেডিয়ামে আগামী রোববার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে বায়ুর মান সংবেদনশীল মানুষের জন্য বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ঘন ধোঁয়াশার কারণে ম্যানহাটনের বহুতল ভবনগুলো দেখাই যাচ্ছিল না। তবে শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।
অন্যদিকে ডেট্রয়েট এবং শিকাগো শহরের বায়ুমান ‘বিপজ্জনক’ সীমায় পৌঁছেছে। বৈশ্বিক বায়ুমান ট্র্যাকার আইকিউএয়ার জানিয়েছে, এই দুটি শহর বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর (এনডব্লিউএস) সতর্ক করেছে, শনিবার সকালের দিকে ধোঁয়া আরও ঘনীভূত হতে পারে।
ফিফার বার্তা ও ট্রাম্পের বৈঠক
ফাইনাল ম্যাচটি দেখার জন্য মেডোল্যান্ডসের বিশাল উন্মুক্ত স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের সমাগম আশা করা হচ্ছে। এটি এনএফএল-এর নিউইয়র্ক জায়ান্টস এবং জেটস দলের হোম গ্রাউন্ড। এমন পরিস্থিতিতে ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, ফাইনাল কি ঠিক সময়ে হবে?
ফুটবলে এটাই হতে পারে শেষ বিশ্বকাপ, কারণ কী?
ফিফা শুক্রবার নিশ্চিত করেছে যে, দাবানলের ধোঁয়ার কারণে সৃষ্ট খারাপ বায়ুমান আপাতত ফাইনাল ম্যাচের জন্য বড় কোনো হুমকি নয়। তবে টুর্নামেন্ট আয়োজকরা জানিয়েছেন, তারা পরিস্থিতির ওপর খুব কড়া নজর রাখছেন।
হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি এক ব্রিফিংয়ে বলেন, এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। ফিফা সদর দপ্তরে জাতীয় আবহাওয়া অধিদপ্তরের একজন বিশেষজ্ঞ নিয়োজিত আছেন, যিনি প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন। এ ছাড়া, এই সংকটজনক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বৈঠকে বসছেন বলেও জানা গেছে।
কী বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা
যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ পিটার মুলিনাক্স বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গ্রেট লেক অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে আরও ধোঁয়া ঠেলে দিতে পারে। এর ফলে আকাশ ঝাপসা থাকার আশঙ্কা রয়েছে। তবে ফাইনাল ম্যাচের দিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, খেলা বাতিলের মতো পরিস্থিতি তৈরি হবে না।
অন্যদিকে, মেরিল্যান্ড রাজ্যের বায়ুমান পূর্বাভাসকারী জোয়েল ড্রিসেন জানান, মূল দুশ্চিন্তার বিষয় হলো সপ্তাহের শেষের ঝড়। ঝড়ো আবহাওয়া কেটে যাওয়ার পর উত্তর দিক থেকে নতুন করে ধোঁয়া দক্ষিণে নেমে আসবে কি না, সেটাই এখন দেখার বিষয়। কিছু আবহাওয়া মডেল ইঙ্গিত দিচ্ছে যে নতুন করে ধোঁয়া আমেরিকার আকাশে প্রবেশ করতে পারে।
তাপপ্রবাহ ও অন্যান্য ম্যাচের অভিজ্ঞতা
চলমান বিশ্বকাপে আবহাওয়ার কারণে এর আগেও কিছু ম্যাচ বিঘ্নিত হয়েছে, তবে তা ধোঁয়ার কারণে নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে মেক্সিকোর নকআউট ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে স্থগিত হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে আয়োজকরা দ্রুত সেই গুঞ্জন নাকচ করে নির্ধারিত সময়েই খেলা শুরু করেন। এর আগে ইকুয়েডরের বিরুদ্ধে মেক্সিকোর রাউন্ড অব থার্টি-টু-র ম্যাচটি ঝড়ের কারণে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল।


