দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

আগামী দিনগুলোতে কোনো প্রকার দুর্নীতি প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়।

আখতার হোসেনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমি সংসদ সদস্যের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছি। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে মেগা প্রজেক্টগুলোতে চরম দুর্নীতি হয়েছে।’

অঞ্চলভিত্তিক বৈষম্য হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ এলাকায় বেশি বরাদ্দ নিয়েছেন, ফলে উত্তরাঞ্চলের রাস্তাঘাট চরমভাবে অবহেলিত থেকে গেছে।

এর আগে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আমার এলাকায় সড়কের অবস্থা বেহাল। বর্ষাকালে রাস্তাঘাটের বেহাল দশার কারণে মানুষ ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারে না। চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় রাস্তা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সময়মতো বাজারে নিতে পারেন না, ফলে পণ্যের সঠিক মূল্য পাওয়া যায় না এবং কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

পূর্ববর্তী নিবন্ধ১১ জেলায় নতুন ডিসি
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে রাতেই: স্বরাষ্ট্রমন্ত্রী